ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র: পেজেশকিয়ান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তার ভাষ্য, এই প্রতিরোধের ফলে ইরান আজ বিশ্বে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বুধবার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাম্প্রতিক সংঘাতের বিভিন্ন দিক তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের পেছনে শত্রুপক্ষের সুস্পষ্ট পরিকল্পনা ছিল এবং তারা স্বল্প সময়ের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানোর আশা করেছিল।

রাষ্ট্রপতির দাবি, ইরানের বিরোধীরা মনে করেছিল মাত্র তিন দিনের মধ্যে বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে তাদের অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তবে দেশের সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরোধ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়।

সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইরানি বাহিনী এমন সাহসিকতা ও সক্ষমতার পরিচয় দিয়েছে যা প্রতিপক্ষের কল্পনারও বাইরে ছিল। তাদের কার্যকর পাল্টা জবাবের কারণে পশ্চিমা শক্তিগুলো শেষ পর্যন্ত নিজেদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংঘাতের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে তেহরানের কঠোর প্রতিরোধ এবং প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে দাবি করেন পেজেশকিয়ান।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের বিরোধের পর এখন উভয় পক্ষ কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সমাধানের পথ খুঁজছে।