ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় শুক্রবার ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাসহ প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। চলতি মাসের শুরুতে দেশটির লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাড়িঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

গত ৫ জুন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে এবং এর উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।

ভারতীয় ও ইউরেশীয় ভূত্বকীয় পাতের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।