শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত থাকা শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল বিজয়ী দুই সদস্য মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করীম বাদশা এর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সম্পন্ন হলেও আদালতের নির্দেশনার কারণে তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তির পর সেই ফল ঘোষণা করা হবে।