কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় সরকারপ্রধান এমন প্রতিশ্রুতি দেন।
পর্যায়ক্রমে সব ওয়াদা পালন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যা ওয়াদা করে, সেটা পূরণ করে। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব।
দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবিতে স্লোগান দিলে সরকারপ্রধান বলেন, ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারেও আশ্বাস দেন।
দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন দেশ স্বাধীন করেছিল, চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূলকাজ দেশের পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব না। এ দেশের মালিক জনগণ, জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
এর আগে দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তারেক রহসানও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
পথসভা শেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।