সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছানোর পর সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি কৃষক কার্ড ও পরিবার কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পরিবার কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া মৌলভীবাজারে আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দর এলাকা এবং সড়কের দুই পাশে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সফর শেষে সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাত সাড়ে ৮টায় তিনি ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন।