বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৬ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব ফুটবল হস্তান্তর করেন।

পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের শিক্ষা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’-এর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সৌজন্য উপহার হিসেবে দেওয়া ফুটবলগুলো পাকিস্তানের শিয়ালকোটে তৈরি। ইতোমধ্যে সেগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে এসব ফুটবল বিতরণ করা হবে।

ইমরান হায়দার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের তরুণদের মধ্যে শারীরিক শিক্ষা, সুস্থ জীবনযাপন এবং ফুটবলচর্চার প্রতি আগ্রহ আরও বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিয়ালকোট আন্তর্জাতিকভাবে ফুটবল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানকার একটি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিশ্বকাপ ফুটবলের সরকারি বল প্রস্তুত করেছে।

এদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাকিস্তানের এই উপহারের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।