১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজ করতে বাংলা সাড়া-সংকেতভিত্তিক একটি বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে সারাদেশে বাংলা সাড়া-সংকেত ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর মাধ্যমে সব ধরনের গ্রাহক সহজেই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একটি মেলারও আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন আরও স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে কাগুজে মুদ্রা ছাপানোর ব্যয় কমবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। মেলায় দেশের বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।