প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে জালিয়াতির অভিযোগে চার প্রার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রতারণার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ৩৬ জনের মধ্যে ৩০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আটক চারজন মৌখিক পরীক্ষায় প্রত্যাশিত দক্ষতা দেখাতে ব্যর্থ হন। এছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে তাদের লেখার মিল না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, লিখিত পরীক্ষায় নিজেরা অংশ না নিয়ে অন্য ব্যক্তির মাধ্যমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। লিখিত স্বীকারোক্তি নেওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তাদের সাক্ষাৎকার গ্রহণের জন্য ২৪, ২৫ ও ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।