ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭১ নম্বর ব্যাটালিয়নের প্রধান কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উত্তরপ্রদেশের কনৌজ জেলায়। কর্মস্থল ছিল মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকি।
বাহিনীর সূত্রে জানা গেছে, ঘটনার রাতে তিনি মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি খোলা স্থানে টহল দায়িত্বে ছিলেন। এ সময় এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।
নজরদারির একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মিথিপুর শিবিরে নিয়ে যান। সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গঙ্গা নদী পারাপারের সময় তারা বজ্রাঘাতের শিকার হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।