বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তবে কিছু সদস্য রাজস্ব আয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
রোববার জাতীয় সংসদে বক্তব্যে মন্ত্রী বলেন, অর্থমন্ত্রী সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো ও সাধারণ সেবা খাতে সুষমভাবে বরাদ্দ দিয়েছেন। তাঁর ভাষ্য, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সময়োপযোগী বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ব্যয় আগের অর্থবছরের তুলনায় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। এতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এবারের বাজেটে মানুষের উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো, রাজস্ব ফাঁকি শনাক্তকরণ এবং মূল্য সংযোজন কর ব্যবস্থায় নতুন বিন্যাসের ফলে রাজস্ব আয়ে ঘাটতির আশঙ্কা নেই। দেশের রাজস্ব-অনুপাত আরও বাড়ানোর লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরিমাণও আগের অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি, মূল্যস্ফীতি কমে আসা এবং মানুষের সঞ্চয় বাড়লে ব্যাংক খাতেও অর্থের সংকট হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, নির্ধারিত রাজস্ব আদায় এবং পরিকল্পনা অনুযায়ী ঋণ পাওয়া গেলে বাজেট ঘাটতি নিয়েও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোতেও ঘাটতি বাজেট রয়েছে। তাই বাংলাদেশের পক্ষেও নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন এবং বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কিছু সমালোচনা যথাযথ নয় এবং সেসব সমালোচনাকে তিনি খুব একটা আমলে নিচ্ছেন না।