ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজপ্রাপ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের জন্য ডিজিটাল সেবার সুযোগ বাড়াতে ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এদিকে বাংলালিংকের পক্ষ থেকে সরকারের সঙ্গে সমন্বয় করে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।