কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়।

এর আগে, গত ২১ জুন রোববার সকালে শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর মরদেহগুলো কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

শ্রম কল্যাণ উইং জানিয়েছে, সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর সব প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।