নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু পুলিশের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন পোশাকে অংশ নেন।

নতুন পোশাকের নকশা অনুযায়ী, মহানগর পুলিশের সদস্যরা হালকা জলপাই রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে মহানগরের বাইরে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আগের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কে অবস্থিত রাজউকের কেন্দ্রীয় যান্ত্রিক সংরক্ষণাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।