সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। তবে বিরোধী দলের কোনো নেতা ব্যক্তিগতভাবে ইরান সফর করলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি আরও বলেন, গত ১৭ বছরে যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কও জোরদার রয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১০টি দেশের সঙ্গে এ বিষয়ে যে চুক্তি হয়েছে, তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। অর্থ ফেরত আনার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। এটি তাৎক্ষণিকভাবে সম্পন্ন হওয়ার বিষয় নয়। এ কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক এই সফরের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। এর ফলে দেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে সরকার আশাবাদী।
তিনি আরও জানান, চীনের প্রস্তাবিত ‘দুই প্লাস দুই’ বৈঠক এবং যোগাযোগপথ-সংক্রান্ত প্রস্তাব বাংলাদেশ পর্যালোচনা করছে। দেশের স্বার্থ সংরক্ষিত হলে এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।