মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন আটক
মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (০৪ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় আজ সকাল ৬টায় আউটপোস্ট-পতেঙ্গা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার এবং নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্ট গার্ড জানায়, আটক বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।