ডিবি হেফাজতে নেওয়ার ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।

পরিবারের দাবি, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে প্রান্তকে আটক করে নিয়ে যায়। পরে সকালে তারা জানতে পারেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান।

অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। পরে তাকে ফরিদপুরে এনে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুখালী থেকে মাদকসহ আটক এক আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।