জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন জানালেন ব্রাজিল কোচ
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন পূরণের লড়াইয়ের আগে দলের অন্যতম তারকা নেইমারকে নিয়ে সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার এখন আগের তুলনায় বেশি সময় মাঠে খেলার মতো অবস্থায় রয়েছে। তবে শুরু থেকেই তাকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
ব্রাজিল কোচ বলেন, বিষয়টি পুরোপুরি ম্যাচের অবস্থার ওপর নির্ভর করবে। ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার এখন আগের চেয়ে বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত। তবে তার খেলার সময় ও ভূমিকা নির্ধারণ করবে ম্যাচের পরিস্থিতিই।
প্রথম একাদশ নিয়ে প্রশ্নের জবাবে রসিকতা করে আনচেলত্তি বলেন, কোচের চেয়ে খেলোয়াড়েরাই ভালো ঘুমাতে পারে। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচে জয় পাওয়া একাদশেই আস্থা রাখবেন তিনি। সে ক্ষেত্রে জাপানের বিপক্ষে নেইমারকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।
নেইমারের শারীরিক অবস্থার উন্নতির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিল কোচ। তিনি জানান, গত সপ্তাহে নেইমারের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি, তবু তিনি ১৫ মিনিটের বেশি খেলার মতো প্রস্তুত। তবে শেষ পর্যন্ত কতক্ষণ মাঠে থাকবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।
দীর্ঘ ৯৮১ দিন জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। ডান পায়ের পেশিতে চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেন। জাপানের বিপক্ষে তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন সমর্থকেরা।